নিজস্ব প্রতিবেদক।।
সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)কে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ ও কঠোর সমালোচনা করেছেন বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির মির্জা।
এক বক্তব্যে নাসির মির্জা আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রতি অবহেলা, পারস্পরিক হিংসা ও বিদ্বেষের অভিযোগ তোলেন। একই সঙ্গে ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন পরিস্থিতির কথাও তুলে ধরে তিনি দলটির নেতৃত্ব ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
নাসির মির্জা বলেন, “আমি যখন ছাত্রলীগের সভাপতি ছিলাম তখন আমার কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন সাদ্দাম। তার জন্য গিয়েছিলাম আমাদের অর্থমন্ত্রীর কাছে। তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিসিকে উনি এক মিনিট বলে দিলে চাকরিটা হয়ে যেত, কিন্তু উনি বলে নাই।”
এরপরই তিনি ওই নেতার ৫ আগস্টের পর দীর্ঘ সময় কারাভোগের প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্বের সমালোচনা করেন। তার ভাষ্য, “ওই ছেলেটা ৫ তারিখের পরে দীর্ঘ দুই মাস কারাভোগ করেছিলেন।”
সবশেষে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে নাসির মির্জা বলেন, “এ হলো বাংলাদেশের আওয়ামী লীগ। মন্ত্রী-এমপির হিংসা ছিল। সেই কারণে আল্লাহর গজব পড়েছে তাদের উপরে।”
নাসির মির্জার এই বক্তব্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্বের প্রতি তার তীব্র অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত থাকা একজন সাবেক ছাত্রনেতার মুখে মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে হিংসা ও নেতাকর্মীদের প্রতি অবহেলার এমন অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—তিনি আওয়ামী লীগের রাজনৈতিক বিপর্যয়কে দলটির ভেতরের নেতাদের পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও নেতাকর্মীদের প্রতি আচরণের সঙ্গে যুক্ত করেছেন। তবে এসব বক্তব্য নাসির মির্জার নিজস্ব দাবি ও রাজনৈতিক মূল্যায়ন।