নিজস্ব প্রতিবেদক।।
"মাদক মুক্ত সমাজ গড়ি, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করি"—এই স্লোগানকে ধারণ করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সামাজিক সংগঠন 'লালমাই ক্লাব'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১০টায় বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বাগমারা বাজার প্রদক্ষিণ করে বাগমারা দক্ষিণ বাজারস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বাগমারা দক্ষিণ বাজার থেকে একটি আকর্ষণীয় ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। তরুণ ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথনটি জামতলীস্থ লালমাই উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সহ-সাধারণ সম্পাদক- নাজমুল হাসান, সাইফুল ইসলাম পারভেজ, নাজমুল হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক - ইব্রাহিম খলিল রনি, ডা.রবিউল হোসেন, দপ্তর সম্পাদক- নোমান হোসাইন, অর্থ সম্পাদক - নেছার উদ্দিন মিশু, ধর্ম বিষয়ক সম্পাদক - যোবায়ের হোসেন, উদ্যোক্তা বিষয়ক সম্পাদক -জহিরুল ইসলাম জুয়েলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মাদককে বর্তমান সমাজের জন্য 'ক্যান্সার' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "একটি জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র যে কঠিন ষড়যন্ত্র শুরু করেছে, তা মূলত একটি গভীর নীলনকশারই অংশ।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "পুলিশ মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে মাদকসেবীদের গ্রেপ্তার করছে; কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, তারা আইনের ফাঁকফোকর দিয়ে দ্রুত বেরিয়ে আসছে। কেবল এভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়।" মাদক সমস্যা সমাধানে সরকারের কার্যকর পরিকল্পনা ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি রাষ্ট্রের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে দেশব্যাপী একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।