নিজস্ব প্রতিবেদক।।
"জনগণের চোখে জনগণের ভাষা" এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা কুমিল্লার লালমাই উপজেলার জনপ্রিয় নিউজ পোর্টাল ‘আলোকিত লালমাই’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা নুরজাহান হোটেলের কনভেনশন হলে কেক কাটা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত লালমাই এর সম্পাদক মাহদী হাসান ।
সহসম্পাদক হাসান আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লালমাই ক্লাবের সভাপতি, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা ও স্কলারশিপ প্রোগ্রামের এশিয়া মহাদেশের এম্বাসেডর ও ন্যাশনাল ফোকার পয়েন্ট ড. আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলোকিত লালমাই এর প্রধান উপদেষ্টা মু. কামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রকাশক, বার্তা সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- প্রতিষ্ঠার পর থেকেই ‘আলোকিত লালমাই’ নিউজ পোর্টালটি লালমাই উপজেলার মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করে আসছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে পোর্টালটি পাঠকদের শতভাগ আস্থা অর্জন করেছে।
বক্তারা ‘আলোকিত লালমাই’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কথা মানুষের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনও বিকল্প নেই।
এ সময় ‘আলোকিত লালমাই’র প্রকাশক, সম্পাদক ও সংবাদকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে পাশে থাকা পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান। আগামী দিনে আরও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে অতিথি ও উপস্থিতিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।