আলোকিত লালমাই অনলাইন।৷
সিঙ্গাপুর থেকে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদির লাশ গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছায়। এ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, এপিবিএন ও সেনাবাহিনীর সমন্বয়ে ঢাকাজুড়ে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তাবলয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ এলাকায় বাড়ানো হয় চেকপোস্ট, টহল ও নজরদারি।
গতকাল সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ জানান, বিমানবন্দরের আট নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির লাশ বের করা হয়। ফ্লাইট অবতরণের আগেই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য।