প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
কুমিল্লায় ১১ দলীয় জোটের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক।৷
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে গতকাল বিকেলে লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা - ৯ (লাকসাম -মনোহরগঞ্জ) ও কুমিল্লা -১০ (লালমাই - নাঙ্গলকোট) এবং সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা - ৬ (আদর্শ সদর - সদর দক্ষিণ) সংসদীয় আসনের জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মামুনুল হক, ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বয়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, পাইলট স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ। মাঠের বাইরে ও আশপাশের সড়কেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বহন করে মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন।
জগন্নাথদীঘি এলাকা থেকে আসা আবদুল জাব্বার জানান, তিনি তার কলেজপড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে সমাবেশে অংশ নিতে এসেছেন। সকালে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে এসে সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নেমে বাকি পথ হেঁটে আসেন। তিনি বলেন, আমি জামায়াতের সমর্থক। আজ দলের আমির আসছেন- তাই ছেলেকে নিয়ে সরাসরি তাকে দেখার ও তার বক্তব্য শোনার জন্য এসেছি।
চৌদ্দগ্রাম আসনের জামায়াতের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আজ সকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌদ্দগ্রামের সমাবেশে শেষে বুড়িচং উপজেলার নিমসার ও দাউদকান্দিতেও পৃথক সমাবেশে বক্তব্য রাখবেন।
ডা. তাহের আরও বলেন, এ যাবৎকালে অনুষ্ঠিত সব রাজনৈতিক সমাবেশের তুলনায় জামায়াতের এই সমাবেশে স্মরণকালের সর্বাধিক নেতাকর্মীর উপস্থিতি ঘটেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোকিত লালমাই ডট কম